নিজস্ব অ্যাপস থেকে বিজ্ঞাপন সরাবে স্যামসাং

১৮ আগষ্ট, ২০২১ ২৩:০৬  
স্যামসাং পে, মিউজিক কিংবা স্যামসাং স্যামসাং ওয়েদার অ্যাপে বিজ্ঞাপন দেখে বিরক্ত? তাহলে আপনার জন্য সুখবর। কারণ, স্যামসাং তাদের স্টক অ্যাপস থেকে বিজ্ঞাপন সরিয়ে নেয়ার পরিকল্পনা করেছে। খবর এনগ্যাজেট। এক বিবৃতিতে স্যামসাং জানিয়েছে, স্যামসাং ওয়েদার, স্যামসাং পে এবং স্যামসাং থিমসহ নিজস্ব অন্যান্য অ্যাপগুলো থেকে বিজ্ঞাপন সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং। চলতি বছরের শেষের দিকে এক আপডেটের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। স্যামসাং ইলেকট্রনিক্সের প্রেসিডেন্ট এবং মোবাইল যোগাযোগ ব্যবসায়ের প্রধান টিএম রোহ এর বরাত দিয়ে সর্বপ্রথম এই খবরটি কোরিয়ান মিডিয়াতে প্রকাশ করা হয়। কোম্পানির অনলাইন টাউন হল মিটিংয়ে এক কর্মীর প্রশ্নের উত্তরে এই নির্বাহী জানান, নিজেদের অ্যাপগুলোর পরবর্তী সংস্করণে বিজ্ঞাপন সরিয়ে ফেলা হবে। ব্যবহারকারী এবং কর্মীদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন ফোরামে অনেক ব্যবহারকারী এই বিজ্ঞাপন নিয়ে বিরক্তি প্রকাশ করে আসছিলেন। কর্মীদের পক্ষ থেকে বিজ্ঞাপন সরানোর মতামত আসে। অবশেষে তাদের সে মতামত প্রাধান্য দিলো স্যামসাং। ডিবিটেক/বিএমটি